ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাঠপর্যায়ে একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কোনোভাবেই বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না দলের কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন–বাণিজ্য নিয়ে দলের সব পর্যায়েই এখন আলোচনা হচ্ছে। ভোটের মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠেছে আওয়ামী লীগ। অবৈধ অস্ত্র ব্যবহারের পাশাপাশি সংঘাত, হানাহানি ও প্রাণহানির ঘটনা বেড়ে গেছে।
দলীয় প্রতীকে এ নির্বাচন হলেও এখন আওয়ামী লীগের ভেতর থেকেই ইউনিয়ন পরিষদের ভোট দলীয়ভাবে না করার দাবি জোরালো হচ্ছে। নৌকা প্রতীকের প্রার্থীকে হারাতে দলের ভেতরেই একটি অংশ উঠেপড়ে লেগেছে। এমন পরিস্থিতিতে দলের নীতিনির্ধারকেরা বিব্রত। কিন্তু কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, সে বিষয়ে করণীয় ঠিক করতে হিমশিম অবস্থায় পড়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
